প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক : ১৯৮২ সালের সামরিক সংঘাতের ইতিহাস, ১৯৮৬ সালে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোলের ঐতিহাসিক বিতর্ক আর সাবেক ফুটবলারদের বর্তমান সময়ের বারুদ মন্তব্য—সব মিলিয়ে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনালের উত্তাপ ভালোভাবেই টের পাচ্ছে ফুটবল সমর্থকরা। গ্যালারিতে ফকল্যান্ড যুদ্ধের উস্কানিমূলক ব্যানার নিষিদ্ধ করার পরও দুই দেশের সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় নজিরবিহীন সতর্কতা জারি করেছে এফবিআই। মার্কিন গোয়েন্দা সংস্থাটির মতে, এটিই চলতি বিশ্বকাপের সবচেয়ে ‘হাই-রিস্ক’ ম্যাচ।
গত সপ্তাহে মায়ামিতে নরওয়েকে হারিয়ে যখন ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করে, তখনই দুই দেশের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এবার আটলান্টায় হাজার হাজার দর্শকের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ম্যাচটির টিকিটের জন্য চলছে হাহাকার; ফিফার অফিশিয়াল পুনর্বিক্রয় সাইটে একেকটি টিকিটের দাম উঠেছে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ টাকারও বেশি)।
আটলান্টা স্টেডিয়ামের ৬৮ হাজার ২৩৯ জন ধারণক্ষমতার এই মাঠে দুই দলের সমর্থকদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে। তবে স্টেডিয়ামের ভেতরে ঢোকার পর গ্যালারিতে তাদের আলাদা রাখার কোনো ব্যবস্থা নেই। সংঘর্ষ এড়াতে স্থানীয় প্রশাসন শহরের কিছু নির্দিষ্ট বার বা রেস্তোরাঁকে কেবলই ‘ইংল্যান্ড’ এবং অন্যগুলোকে ‘আর্জেন্টিনা’ সমর্থকদের জন্য ঘোষণা করে তাদের দূরে রাখার চেষ্টা করছে।
এই ম্যাচের ওপর বরাবরের মতোই ছায়া ফেলছে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ। সেই সঙ্গে জড়িয়ে আছে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে দেওয়া দিয়েগো ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ আর ১৯৯৮ সালে ডেভিড বেকহ্যামের লাল কার্ড পাওয়ার সেই ঐতিহাসিক স্মৃতি।
উত্তেজনা আরও উসকে দিয়েছে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দেরই একটি ভিডিও। যেখানে ড্রেসিংরুমে তাদের ‘লাস মালভিনাস, পর দিয়েগো অ্যান্ড পর লা আলতিমা দে লিও’ বলে স্লোগান দিতে দেখা গেছে; যার অর্থ—‘ফকল্যান্ডসের জন্য, ম্যারাডোনার জন্য এবং লিও মেসির শেষ বিশ্বকাপের জন্য’। ফুটবল মাঠের অন্যতম চিরবৈরী এই লড়াইকে খেলোয়াড়েরা নিজেরাই টেনে নিয়ে গেছেন সেই সামরিক সংঘাতের ইতিহাসে।
ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কিরিনো। এই সপ্তাহেই তিনি ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার মালিকানার দাবিটি নতুন করে পুনর্ব্যক্ত করেছেন। তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দাঙ্গা এড়াতে বুয়েনস আইরেস সরকার ইতোমধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর, এফবিআই এবং স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
স্টেডিয়ামের দায়িত্বে থাকা নিরাপত্তরক্ষীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে—আর্জেন্টিনার পতাকার রঙে আঁকা ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের কোনো ব্যানার কিংবা দ্বীপে ‘মালভিনাস’ লেখা সম্বলিত কোনো ফ্ল্যাগ বা প্ল্যাকার্ড গ্যালারিতে দেখলেই যেন তা বাজেয়াপ্ত করা হয়।
এদিকে, নিজের ‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে ফকল্যান্ডসের পরিবর্তে আর্জেন্টিনার ভাষায় ‘মালভিনাস’ শব্দটি ব্যবহার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তবে সমালোচনা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় লিনেকার গত রাতে সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি বুঝি না এটা নিয়ে এত বিতর্কের কী আছে। আর্জেন্টিনায় এই দ্বীপকে এই নামেই ডাকা হয়। সুতরাং, আমি স্রেফ একটি তথ্যগতভাবে সঠিক শব্দই ব্যবহার করেছি।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest