প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬
নিউজ ডেস্ক : শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে সিলেটের দক্ষিণ সুরমায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম সতীপীঠ শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থানসংলগ্ন দুর্গামন্দিরে এ পূজার আয়োজন করা হয়।
মহাপীঠস্থান পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ পূজায় সাত বছর বয়সী সানন্দা চক্রবর্তীকে কুমারী রূপে পূজা করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমে। প্রচণ্ড গরম উপেক্ষা করে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে হাজারো পুণ্যার্থী কুমারী মাতার দর্শন লাভের আশায় জৈনপুর, শিববাড়ি, চান্দাইসহ আশপাশের এলাকায় সমবেত হন।
পূজার আগে নানা বস্ত্র, প্রসাধনী ও অলংকারে কুমারীকে দেবীরূপে সাজানো হয়। তাঁর কপালে আঁকা হয় রক্তবর্ণের ত্রিনয়ন, মাথায় পরানো হয় সাদা ফুলের মালা এবং গলায় দেওয়া হয় রক্তজবার মালা। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে দেবীর আসনে বসিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
মহাপীঠস্থান পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন সহসভাপতি নারায়ণ চক্রবর্তী, বিজয় কুমার দেব বুলু, অ্যাডভোকেট চন্দন দাশ, অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, মিন্টু দাশ, যুগ্ম সম্পাদক প্রমথ দাশ, নিপেশ কান্ত দেব পীযূষ, সহসাধারণ সম্পাদক দীপংকর চন্দ্র পাল ও জয়দ্বীপ চক্রবর্তী।
এ ছাড়া কোষাধ্যক্ষ সঞ্জিত কুমার কর, আইন সম্পাদক অ্যাডভোকেট হীরেন্দ্র নাথ বিশ্বাস রিটু, সাংগঠনিক সম্পাদক সুব্রত দেব লাভলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোজ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক সহযোগী অধ্যাপক দীপু কুমার গোপ, প্রচার সম্পাদক পরিতোষ দেব পুলক, আপ্যায়ন সম্পাদক কার্তিক ঘোষ, সহ-আপ্যায়ন সম্পাদক কাঞ্চন পাল, দপ্তর সম্পাদক নয়ন দাস, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুমন দেবসহ কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কুমারী পূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও তাঁর সহধর্মিণী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী দিলারা মালিক। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা ফ্রন্ট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং জৈনপুর ও শিবগঞ্জসহ বিভিন্ন এলাকার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে পুরোহিত হরিনারায়ণ চক্রবর্তী বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু করেন। ভক্তদের সম্মিলিত জয়ধ্বনিতে পুরো পূজামণ্ডপ মুখর হয়ে ওঠে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ আয়োজনে ভক্তরা দেবীরূপী কুমারীকে মাতৃরূপে আরাধনা করেন।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু শান্তিপূর্ণভাবে পূজার আয়োজন সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest