প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিলেট আমাদের পুণ্যভূমি। এ পুণ্যভূমি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা জনসভা মঞ্চ ও মাঠের সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেন।
নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সিলেটবাসীর প্রতি আন্তরিক। তার কাছে কিছু চাইতে হয় না, চাওয়ার আগেই তিনি দিয়ে থাকেন। সিলেটবাসীকেও তিনি অনেক কিছু দিয়েছেন। সিলেটসহ পুরো দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তিনি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। এইসব পরিকল্পনা বাস্তবায়নে সিলেটবাসী সঙ্গে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জাহাঙ্গীর কবির নানক।
বুধবার (২০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলে সিলেটবাসীর সহযোগিতা কামনা করে নানক আরও বলেন, আগামীকাল আলিয়া মাদ্রাসার মাঠে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এই জনসভার মধ্য দিয়ে প্রমাণ হবে এবারও সিলেটের সব কয়টি আসন সিলেটবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবে।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
প্রসঙ্গত, বুধবার হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ। এ জনসভায় বক্তব্য রাখবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest