সিলেটে নিরাপত্তা জোরদার – এসএমপি

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

সিলেটে নিরাপত্তা জোরদার – এসএমপি

6

 

নিউজ ডেস্ক : সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ছিনতাই, মাদক কারবার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নগরীর ছয়টি থানা এলাকায় একযোগে কাজ করছে পুলিশ। এর অংশ হিসেবে বাড়ানো হয়েছে রাতের ব্লক রেইড, চেকপোস্টে তল্লাশি, আবাসিক হোটেল মনিটরিং ও বিশেষ অভিযান।

সম্প্রতি নগরীর চালিবন্দর এলাকায় পাঁচটি বাসে অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের পারিবারিক বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনার পর জননিরাপত্তা নিয়ে নতুন করে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

 

এই বিষয়ে শনিবার (২১ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তার স্বার্থে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসঙ্গত কারণ ছাড়া মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাবে না। তবে জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে বের হলে হালনাগাদ প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে বলে জানানো হয়েছে।

এদিকে গণবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই নগরীর ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায়, রাতের বেলায় গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথগুলোতে পুলিশের তৎপরতা বেড়েছে। বিভিন্ন যানবাহনে তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতের বেলায় চলাচলকারী সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে নিবিড় তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি অপরাধীদের গোপন অবস্থান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মহানগরীর আবাসিক হোটেলগুলোতেও নিয়মিত নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে।

 

সূত্রে জানা যায়, সিলেটের বিভিন্ন উপজেলা থেকে সিলেট মহানগরীতে প্রবেশের পথে পুলিশের তিনটি স্থায়ী চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্টে নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি নতুন করে কয়েকটি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মহানগরীর কোতোয়ালি, জালালাবাদ, এয়ারপোর্ট, দক্ষিণ সুরমা, মোগলাবাজার ও শাহপরান থানার আওতাধীন গুরুত্বপূর্ণ মোড়, প্রধান সড়ক এবং প্রবেশপথগুলোতে এসব চেকপোস্ট পরিচালনা করা হবে।

3

 

সূত্র জানায়, গত এক মাসে সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও মহানগরীতে ধারাবাহিক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ডেটোনেটর, ফিউজ, গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার ও জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি ও জেলা পুলিশ। এসব অভিযানে আমেরিকার তৈরি ওয়ান শ্যুটার গান, ভারতীয় এয়ারগান, শটগান, বিস্ফোরক, সাউন্ড গ্রেনেড এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়।

 

8

সর্বশেষ ১৪ নভেম্বর ভোরে কানাইঘাটের নুনছড়া চা বাগানসংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করে বিজিবি-১৯। বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুহেল আলম।

এছাড়া এর আগে ১১ নভেম্বর জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই ভারতীয় নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পোকে (২০) আটক করে ৪৮ বিজিবি। এ সময় তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাঁদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

গত ৪ নভেম্বর দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ একনলা ও দুইনলা শটগান, গুলিসহ মাদকদ্রব্য এবং প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। পরদিন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।

অন্যদিকে, গত ২ নভেম্বর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান, একটি ওয়াকিটকি সেটসহ প্রায় ২০ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করে। এর মধ্যে কানাইঘাটের সোনাতনপুঞ্জি এলাকায় সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

 

গত ২৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে মহানগরীর এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আমেরিকান ওয়ান শ্যুটার গান, ভারতের তৈরি চারটি পাওয়ার জেল, চারটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ, শর্টগানের চারটি কার্তুজ ও পুলিশের লুণ্ঠিত একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করে এসআরবি।

 

এমতাবস্তায় পুলিশের নজরদারি বাড়ানোর উদ্যোগেকে স্বাগত জানিয়ে নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা ইব্রাহীম মিয়া বলেন, ‘রাতের বেলায় চলাচল করতে গিয়ে অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। পুলিশ যদি নিয়মিত টহল ও নজরদারি বাড়ায়, তাহলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন। তবে জরুরি প্রয়োজনে যাঁরা বাইরে বের হন, তাঁদের যেন অযথা হয়রানির শিকার হতে না হয়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।’

 

মদিনামার্কেট এলাকার বাসিন্দা সালাউদ্দিন আহমদ বলেন, ‘অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান প্রয়োজন। বিশেষ করে ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অভিযানের নামে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়েন, সেদিকেও নজর রাখা জরুরি।’

 

এমসি কলেজের ছাত্র মিঠুন বৈদ্য বলেন, ‘সিলেট একটি গুরুত্বপূর্ণ নগরী। এখানে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে অনেক মানুষ চলাচল করেন। নিরাপত্তার স্বার্থে পুলিশের এমন উদ্যোগ অবশ্যই ভালো। তবে শিক্ষার্থী, চাকরিজীবী কিংবা জরুরি প্রয়োজনে রাতে যাঁদের চলাচল করতে হয়, তাঁদের বিষয়টিও বিবেচনায় রাখা উচিত। পুলিশি তল্লাশির সময় সাধারণ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হন।’

 

আলহামরা মার্কেটের বেবিল্যাণ্ডের ব্যবসায়ী আব্দুর রব বলেন, ‘রাতের বেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে অনেক সময় আতঙ্কে থাকতে হয়। পুলিশ রাতের টহল ও চেকপোস্ট বাড়ালে অপরাধীরা সহজে অপরাধ করার সুযোগ পাবে না। আমরা চাই, এই অভিযান যেন নিয়মিত অব্যাহত থাকে।’

8

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন সিলেটভিউকে বলেন, ‘রাতের বেলায় মোটরসাইকেল ব্যবহার করে অপরাধীদের চলাচল বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাত হলেই মাদকসেবী, মাদক বিক্রেতা ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বাড়ে। একই সঙ্গে কিশোর গ্যাং, চোরাকারবারি, তাদের সহযোগী এবং চোরেরাও মোটরসাইকেল ব্যবহার করে চলাফেরা করে। কখনো কখনো অপরাধীরা পর্যটকের ছদ্মবেশেও নগরীতে অবাধে চলাচল করে।’

7

 

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ও বিভিন্ন দুষ্কৃতকারী চক্রের বিরুদ্ধে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং বিশেষ অভিযান শুরু করা হয়েছে।’

 

আফজাল হোসেন আরও বলেন, ‘সম্প্রতি বাসে আগুন দেওয়া এবং প্রতিমন্ত্রীর পারিবারিক বাসার প্রবেশপথে অগ্নিসংযোগের ঘটনাও পুলিশের বিবেচনায় রয়েছে। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। যেকোনো মূল্যে নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।’

 

সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি আরও বলেন, ‘বিশেষ করে সিলেট মহানগরীকে নিরাপদ রাখতে এবং অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে পোশাকধারী পুলিশের পাশাপাশি, সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশসহ টহল পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে বিভিন্ন সময় মহানগরীর বিভিন্ন এলাকায় চিরুনী অভিযানও পরিচালিত হচ্ছে।’

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7