প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেটের কারাবন্দীদের নিয়ে প্রতাণার ফাঁদ পেতেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তাদের হাতে প্রতারিত হচ্ছেন অনেক বন্দীর অভিভাবক। চক্রটি মোবাইল ফোনে নিজেদের কারাগারের সঙ্গে সংশ্লিষ্ট দাবি করে নির্দিষ্ট কারাবন্দী মারাত্মক অসুস্থ জানিয়ে তার অভিভাবকদের চিকিৎসার জন্য দ্রুত মোটা অঙ্কের টাকা পাঠানোর কথা জানায়।
এমন খবরে দিশাহারা হয়ে অনেক অভিভাবক তাৎক্ষনিক টাকা পাঠিয়ে দেন। কিন্তু পরে ওই নম্বরে যোগাযোগ করে নম্বরটি বন্ধ পাচ্ছেন। গত কয়েকদিন ধরে সিলেট অঞ্চলে এই চক্রটি দেদারছে এমন প্রতারণা চালিয়ে যাচ্ছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথী দাস পাপ্পুকে সপ্তাহখানেক আগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন।
তবে শনিবার সন্ধ্যায় হঠাৎ ০১৬২৬০৫১৬৬৯ নম্বর থেকে কারারক্ষী পরিচয়ে তার মা গীতা রানি দাসের মোবাইল নম্বরে কল দিয়ে জানানো হয় পাপ্পু স্ট্রোক করেছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে বাঁচাতে হলে ১৫ মিনিটের মধ্যে দামি একটা ইনজেকশন পুশ করতে হবে। আপাতত ৭০ হাজার টাকা দ্রুত পাঠান। টাকা না পাঠালে তার যদি কিছু ঘটে যায় সেজন্য সরকার বা কারা কর্তৃপক্ষ দায়ী হবেন না।
গীতা রানী দাস দিশাহারা অবস্থায় কিছু টাকা জোগাড় করে সরাসরি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে আসেন ছেলেকে দেখতে। এখানে এসে সহকারী কারারক্ষী মো. শাহপরানের সাথে যোগাযোগ করে ছেলেকে দেখতে চান।
কারারক্ষী মো. শাহপরাণ তাকে জানান, এমন প্রতারনা চলছে গত কিছুদিন থেকে। আপনি টাকা না দিয়ে সরাসরি চলে আসায় ভাল হয়েছে। পাপ্পু নামে কোনো কারাবন্দী অসুস্থ হননি এবং ওসমানী বা অন্যকোনো মেডিকেলে তাকে ভর্তিও করা হয়নি।
এদিকে রবিবার বিকালে পাপ্পুর মা গীতা রানী দাস সিলেটভিউর সাথে আলাপকালে জানান, তার ছেলেকে দেখতে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। সে সুস্থ অবস্থায় কারাগারেই আছে। পরে পাপ্পুর বোন জানান, আমার ভাইয়ের কিছুই হয়নি। সে কারাগারে আছে এবং ফোন কলটি প্রতারকের ছিল।
বিষয়টি নিয়ে আলাপকালে সিলেট কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী মো. শাহপরান সিলেটভিউকে বলেন, ‘সম্প্রতি এধরনের প্রতারণার অন্তত ৮/১০ ঘটনার কথা আমার কানে এসেছে। এটা খুবই খারাপ ব্যাপার। বিষয়টি নিয়ে অভিভাকদের সচেতন হতে হবে।’
তিনি আরও বলেন, ‘কোনো বন্দীর চিকিৎসার প্রয়োজন হলে এবং তাদের হাসপাতালে নেওয়া হলে তাদেরকেই অভিভাবকদের কল দিয়ে জানানোর সুযোগ দেওয়া হয়। এখানে অন্য কেউ কল দিয়ে টাকা চাওয়া মানে প্রতারণা। এটা অভিভাকদের বুঝতে হবে।’
পাপ্পুর অসুস্থতা সম্পর্কে তিনি বলেন, ‘এই নামে কোনো বন্দীকে হাসপাতালে ভর্তি করা হয়নি। এটা স্রেফ প্রতারণা। কয়েকদিন আগে সুনামগঞ্জের দিরাইয়ের একজন অভিভাবক এসে জানিয়েছেন তার ছেলের অসুস্থতার কথা বলে একদল প্রতারক ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আবার ২/৩ দিন আগে বিয়ানীবাজারের এক অভিভাবকের কাছ থেকেও প্রতারক চক্রটি হাতিয়ে নিয়ে প্রায় ১৮ হাজার টাকা। তিনি এমন পরিস্থিতে কারাকর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বা ওসামানী মেডিকেল কলেজ হাসপতালের প্রিজন সেলে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest