প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬
নিউজ ডেস্ক : জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবককে শনাক্ত করতে তার ছবি সংগ্রহের পর স্টেশনের বিভিন্ন স্থানে পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়।
এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ গণমাধ্যমকে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তাকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার আশা করছেন তারা।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলে।
একপর্যায়ে ক্রিল ল্যান্ডার এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি। চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল।
পুলিশ জানায়, জার্মান নাগরিক ক্রিল লেন্ডার উইবার নাটোর রেলওয়ে স্টেশনে অবস্থানকালে তার ব্যাগটি চুরি হয়। ঘটনার খবর পাওয়ার পর বুধবার রাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শুরু হয় বিশ্লেষণ।
ফুটেজে দেখা যায়, হলুদ রঙের কটি পরা এক যুবক কৌশলে জার্মান নাগরিকের সঙ্গে ‘বন্ধুত্ব’ গড়ে তোলেন। একপর্যায়ে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি তার ভেতরে লুকিয়ে ফেলেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই যুবককে শনাক্ত করেছে পুলিশ। তার পরিচয় ও অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে ধরিয়ে দিতে সহায়তা করতে কিংবা এ-সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এত চেষ্টার পরও চোরকে ধরতে না পারার কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, সিসিটিভি ফুটেজ কিছুটা অস্পষ্ট। এছাড়া সন্দেহভাজন ব্যক্তি ঘটনার পর দ্রুত একাধিকবার স্থান পরিবর্তন করেন।
ক্রিলকে ইতোমধ্যে মুক্তি মাহমুদ নামের এক ব্যক্তি নতুন আরেকটি ম্যাকবুক উপহার দিয়েছেন। বাংলাদেশিদের কাছ থেকে এমন আতিথেয়তা পেয়ে তিনি আপ্লুত। তবে নিজের ল্যাপটপে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকায় তিনি এখনো হতাশ।
ক্রিল জানিয়েছেন, ভারত হয়ে তিনি পাকিস্তান যাবেন। নিজ দেশ জার্মানিতে ফিরতে ফিরতে তার কয়েক মাস লেগে যাবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest