প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৬
নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছে তার পরিবার। এ ঘটনায় অভিযুক্ত পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিজভীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বুধবার রাতে ফেসবুক লাইভে এসে ওই কলেজছাত্রী দাবি করেছেন, তাকে অপহরণ করা হয়নি; বরং ভালোবেসে বিয়ে করে স্বেচ্ছায় স্বামীর সঙ্গে ঘর ছেড়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কলেজছাত্রী ও ছাত্রদল নেতা রিজভী ফেসবুক লাইভে এসে তাদের বিয়ে, সম্পর্ক এবং পরিবারের সঙ্গে বিরোধের বিষয়ে কথা বলেন।
লাইভে রিজভী বলেন, দুই দিন যাবৎ আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ফেসবুকে বলা হচ্ছে, আমি তাকে অপহরণ করেছি। গত ২২ জুলাই আমরা ভালোবেসে বিয়ে করি। আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। আমার স্ত্রীর বয়স সাড়ে ১৯ বছর।
এরপর লাইভে এসে ওই কলেজছাত্রী বলেন, আমার বয়স সাড়ে ১৯ বছর। দুই দিন যাবৎ দেখছি, ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে অপহরণ করেছে। আসলে আমরা ২২ জুলাই ভালোবেসে বিয়ে করি। আমাদের সম্পর্ক ছিল দুই বছরের।
কলেজছাত্রী আরও বলেন, বিয়ের পর তার পরিবার তাদের মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। পরে তাকে রেখে তার স্বামীকে বিদায় করে দেওয়া হয়। কিছুদিন পর তিনি আবার স্বামীর সঙ্গে চলে যান। এর প্রায় এক মাস পর পরিবারের পক্ষ থেকে মেনে নেওয়ার আশ্বাসে আবার তাদের বাড়িতে নেওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে জোর করে স্বামীকে তালাক দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন তিনি।
লাইভে তিনি পরিবারের উদ্দেশে বলেন, তার শ্বশুরবাড়ির লোকজনকে যেন হয়রানি করা না হয় এবং তার স্বামীকেও যেন হয়রানির শিকার হতে না হয়। কলেজে যাওয়া-আসার পথে তার স্বামী তাকে উত্ত্যক্ত করতেন—এমন প্রচারও অস্বীকার করেন তিনি। এসব তথ্য মিথ্যা।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর ওই কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে তার পরিবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে অভিযুক্ত করা হয়। কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করাসহ রিজভীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনে পরিবার।
এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে বহিষ্কার করে গাজীপুর জেলা ছাত্রদল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বুধবার রাতে ফেসবুক লাইভে এসে নিজেদের বক্তব্য তুলে ধরেন রিজভী ও ওই কলেজছাত্রী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest