প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শাহারিয়া আহমেদ টিপু নামে এক কুয়েতপ্রবাসীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহারিয়া আহমেদ টিপুর পরিবারের সঙ্গে তাঁর চাচাতো ভাই রফিকুল ইসলাম স্বপন ও রিপন মিয়াদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৬ সালে পারিবারিক জমি ভাগ-বণ্টনের পর নিজেদের অংশে ঘর তুলতে গেলে প্রথম বিরোধের সৃষ্টি হয়। তৎকালীন সময়ে ভয়ভীতি প্রদর্শনের মুখে নিরাপত্তার স্বার্থে ২০১৭ সালে তাঁর বাবা তাঁকে কুয়েত পাঠান। দীর্ঘ আট বছর পর চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফেরেন।
হামলার বিবরণ দিয়ে আহত টিপু জানান, রবিবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁর চাচাতো ভাই স্বপন ও রিপনসহ কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করে। পূর্ব শত্রুতার জেরে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও পায়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শারীরিক অসুস্থতার কারণে তাৎক্ষণিকভাবে থানায় লিখিত অভিযোগ দেওয়া সম্ভব হয়নি জানিয়ে টিপু বলেন, “একটু সুস্থ হলেই ফেঞ্চুগঞ্জ থানায় মামলা করব।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest