প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
বিনোদন ডেস্ক : দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে চলমান বিতর্কের মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কতটা মানবিক।
মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে চমক লেখেন, ‘দেশের মানুষ বন্যার সঙ্গে যুদ্ধ করছে, এই মুহূর্তে পরীক্ষা নেওয়াটা কি আসলেই মানবিক! আমি বুঝি না, চেয়ারে বসলেই মানুষের বুদ্ধি, বিবেক, মানবিকতা কি লোপ পায়?’
সংক্ষিপ্ত এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই শিক্ষার্থীদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এর আগে একই ইস্যুতে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রশ্ন তোলেন, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কেন নেওয়া হলো।
তাসরিফ লেখেন, ‘এইচএসসি বোর্ড পরীক্ষা এমনিতেই একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে চাপের পরীক্ষাগুলোর একটি। সেখানে বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের আরও বেশি ভোগান্তিতে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘এই একটা বা দুইটা পরীক্ষার দিন পিছিয়ে দিলে কী এমন ক্ষতি হয়ে যেত? যারা ভিজে ভিজে, রাস্তায় জমে থাকা দূষিত পানি মাড়িয়ে পরীক্ষা দিতে গেছে, তাদের কষ্ট আর মানসিক চাপ বোঝেন?’
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বিকেলে তারা জাতীয় সংসদ ভবনের উদ্দেশে বিক্ষোভ মিছিলও করেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই তাসরিফ খান ও রুকাইয়া জাহান চমকের মতো তারকাদের প্রকাশ্য মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাদের বক্তব্যে শিক্ষার্থীদের দুর্ভোগ ও মানবিক দিক বিবেচনার আহ্বানই প্রধানভাবে উঠে এসেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest