প্রকাশিত: ৫:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অস্ত্রগুলো কারা সেখানে লুকিয়ে রেখেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে র্যাব।
র্যাব-৯ জানায়, সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলার ৬ নম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গলে দেশীয় অস্ত্র মজুত রয়েছে। খবর পেয়ে র্যাব-৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে জঙ্গলের একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় উদ্ধার হওয়া অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো জিডিমূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অস্ত্রগুলো কারা সেখানে রেখেছিল এবং এর পেছনে কোনো অপরাধী চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
র্যাব-৯ আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৫৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest