প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা এলাকার জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’। দূষণ ও দখলে বিলুপ্তপ্রায় এই অঞ্চলের প্রতিটি নদ-নদী, খাল-নালা ও বিল উদ্ধার এবং জলপথ সংস্কারের জোর সুপারিশ করেছে সংগঠনটি।
গত ১৩ জুন (শনিবার) রাতে সিলেট নগরীর স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এই দাবি ও সুপারিশমালা চূড়ান্ত করা হয়। দক্ষিণ সুরমা এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
বিলুপ্তপ্রায় জলাশয় ও জলাবদ্ধতার তীব্রতা : সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, নিকট অতীতে দক্ষিণ সুরমা এলাকায় বরাক, ধাপ্পাই, বাসিয়া, গিরগিট, বড়বাঘা, বেটুয়া ইত্যাদি নামে প্রচুর ছোট-ছোট নদ-নদী, খাল-নালা ও উন্মুক্ত জলাশয় ছিল। যার ফলে বৃষ্টি বা বন্যার পানি সহজেই নিষ্কাশিত হয়ে যেতো।
“কালের পরিক্রমায় এবং ভূমিখেকো চক্রের করালগ্রাসে এসব জলাশয় বেদখল অথবা পলি পড়ে ভরাট হয়ে গেছে। এর ফলে বর্তমানে সামান্য বৃষ্টিতেই গোটা দক্ষিণ সুরমা এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।”
এই অবস্থা থেকে উত্তরণে জনস্বার্থে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুগোপযোগী ও সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সাথে, ভূমিখেকো চক্রের দখল থেকে নদ-নদী ও খাল-বিল উদ্ধারপূর্বক পুনঃখনন ও সংস্কারের দাবি জানান বক্তারা।
২১ দফা সুপারিশ ও পরবর্তী কর্মসূচি : সভায় সংগঠনের পূর্বের ২১ দফা সুপারিশনামার আলোকে বর্তমান পরিস্থিতির সাথে সমন্বয় করে নতুনভাবে ২১ দফা সুপারিশ চূড়ান্ত করা হয়। এই সুপারিশনামা শিগগিরই স্মারকলিপি আকারে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন বিভাগে পেশ করা হবে বলে জানানো হয়েছে।
সভায় উপস্থিতিবৃন্দ : সংগঠনের আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল আহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন: হাজী ফরিদুর রহমান, নুরুল ইসলাম সুমন, শেখ মোঃ লায়েক মিয়া। দিলোয়ার হোসেন রানা, মোঃ ছয়েফ খান, অ্যাডভোকেট মোঃ মামুন হোসেন। সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, তনজুল আহমদ চিশতি, মোঃ খলিল মিয়া। আনোয়ার হোসেন জুবায়ের, কিবরিয়া আহমদ অপু প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিনিয়র সদস্য হাজী মোঃ ফুল মিয়া।
কমিটি পরিবর্ধন ও পরবর্তী সভা : সাংগঠনিক প্রস্তাবে চলমান আহ্বায়ক কমিটিতে নতুন করে ৬ জন সদস্যকে কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করা হয়েছে। তারা হলেন— হাজী মোঃ ফুল মিয়া, আনোয়ার হোসেন জুবায়ের, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলী, শাহ মোঃ এখলাছ মিয়া ও কিবরিয়া আহমদ অপু।
আহ্বায়ক কমিটির পরবর্তী সভা আগামী ২৭ জুন (শনিবার) বাদ মাগরিব একই স্থানে অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest