প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৬
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশের মানুষ কখনো ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকার কারণে জনগণ দলটিকে গ্রহণ করবে না।
বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতি করছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বক্তব্যের একপর্যায়ে তিনি উপস্থিত জনতার সঙ্গে সংলাপে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করেন।
তিনি আরও বলেন, দেশে সত্য ও জনগণের স্বার্থভিত্তিক রাজনীতি প্রয়োজন। ধর্মীয় আবেগকে ব্যবহার করে বিভ্রান্তিমূলক রাজনীতি দীর্ঘমেয়াদে দেশের জন্য ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে যোগদানের আগে মির্জা ফখরুল পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিন নেতার আগমনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের ঐতিহ্যবাহী নৃত্য ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জাহিদুর রহমান এবং ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ্জামান।
এ সময় বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest