প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে একটি ভিডিও ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা ইনফ্রারেড ফুটেজে আইডিএফ দাবি করে, তারা একটি এমআই-১৭ হেলিকপ্টারসহ ইরানের বিভিন্ন সামরিক সম্পদে আঘাত হেনেছে। তবে ভিডিওটি প্রকাশের পরই অনলাইনে শুরু হয় তীব্র সমালোচনা।
অনেক ব্যবহারকারী দাবি করেন, ভিডিওতে যে লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে তা আসলে কোনো বাস্তব হেলিকপ্টার নয়; বরং মাটিতে আঁকা একটি হেলিকপ্টারের ছবি। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন- যদি সত্যিকারের হেলিকপ্টার হতো, তাহলে বোমা হামলার পর পাখাগুলোকে হামলার আগের মতো একই রকম দেখা যেত না। তোমরা একটা ছবিতে বোমা মেরেছ, বেকুব কোথাকার, এমনটি জানিয়েছে এনডিটিভি।
আরেক ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, ইসরাইল শিশুভর্তি স্কুল আর মাটিতে চক দিয়ে আঁকা ছবিতে বোমা মারায় খুব দক্ষ।
অন্যদিকে কিছু ব্যবহারকারী ভিডিওর ধোঁয়ার গতিপথ ও তাপমাত্রার পার্থক্যের বিশ্লেষণ তুলে ধরে বলেন, এটি কোনো ডিকয় নয়; বরং সত্যিকারের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এ নিয়ে আইডিএফ এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দেওয়ায় বিতর্ক আরও বাড়ছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সপ্তাহব্যাপী সংঘাতে এ পর্যন্ত ইরানে অন্তত ১ হাজার ৩৩২জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকালে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকাশিত এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য তুলে ধরা হয়েছে।
সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন কলিভান্দ জানিয়েছেন, এই অভিযানে অন্তত ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯০টিই সাধারণ মানুষের ব্যক্তিগত ঘরবাড়ি, যা এই সংঘাতের মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest