প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬
সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণীকল্যাণ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা একমাত্র সংগঠন প্রাধিকারের নতুন বছরের ক্যালেন্ডার উন্মোচিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ ভবন-২-এর কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাধিকারের এই ক্যালেন্ডার উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রাধিকার নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর স্বাগত অতিথিদের মাঝে ক্যালেন্ডার প্রদান করা হয়।
প্রাধিকারের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান ভূঁইয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান এবং সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী বলেন, প্রাণীকল্যাণ, “চিকিৎসা, নিরাপদ পরিবেশ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়া সম্ভব। এই জায়গায় প্রাধিকার যে উদ্যোগ ও কার্যক্রম পরিচালনা করছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রাণীদের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে প্রাধিকার মূলত মানুষের নিরাপদ ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, প্রাধিকার-এর এই মানবিক ও সময়োপযোগী কার্যক্রম ধীরে ধীরে পুরো দেশে ছড়িয়ে পড়বে এবং মানুষ ও প্রাণীর মধ্যে একটি নিরাপদ ও ভারসাম্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।”
অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার বলেন, “বাংলাদেশের প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি আমরা তেমন গুরুত্ব দিই না। অথচ সিকৃবির প্রাধিকার এক যুগেরও বেশি সময় ধরে প্রাণী ও পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রাধিকার তাদের এই কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝেও প্রাণী ও পরিবেশ সেবার গুরুত্ব ছড়িয়ে দেবে। এতে শিক্ষার্থীরা তাদের কর্মজীবনে যে স্থানেই থাকুক না কেন, পরিবেশ ও প্রাণীদের প্রতি সদয় থাকবে।”
প্রাধিকারের সভাপতি মো. শাহীন আলম বলেন, “প্রাণিকল্যাণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নিবেদিত সংগঠন প্রাধিকার প্রতিবছরের ন্যায় এ বছরও সফলভাবে আয়োজন করেছে ‘প্রাধিকার ক্যালেন্ডার উন্মোচন ও সাধারণ সদস্যসভা–২০২৬’।
প্রাধিকারের ক্যালেন্ডারটি অন্যান্য ক্যালেন্ডার থেকে কিছুটা ব্যতিক্রম ও বিশেষ। কারণ, এই ক্যালেন্ডারে বছরের প্রতিটি দিনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পালিত সকল প্রাণী ও পরিবেশ-সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিবস অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রাণিকল্যাণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সম্পর্কে সচেতনতা আরও বাড়বে বলে আমরা বিশ্বাস করি।”
প্রাধিকারের সভাপতি মো. শাহীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাধিকারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দসহ প্রাধিকারের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য।
উল্লেখ্য, এ বছর প্রাধিকার প্রায় বারোশ’ ক্যালেন্ডার ছাপিয়েছে, যা তাদের প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন সংগঠন, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest