প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫
নিউজ ডেস্ক : আওয়ামী লীগ নেতা পাঙ্গাস এবং আফতাব উদ্দিন খান আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকলেও তাদের সহযোগী সন্ত্রাসীচক্র কানাডা প্রবাসী মোঃ নাহিদ আহমদের পরিবারকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা, চাঁদাবাজি, লুটপাট ও মারধরের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
সর্বশেষ ২২ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার গোয়ালগাঁও গ্রামে নাহিদ আহমদের শ্বশুরবাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, নেতা আফতাব উদ্দিন খান ও পাঙ্গাসের সহযোগী রুবেল, মাছুম, বেলালসহ ৮/১০ জন অজ্ঞাত সন্ত্রাসী বাড়িতে ঢুকে নাহিদের স্ত্রীর খোঁজ করতে থাকে। তার শ্বশুর কোনো তথ্য দিতে না পারলে সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে জানায় নাহিদ দেশে ফিরলে অথবা তার স্ত্রীর অবস্থান জানতে পারলে তাকে অপহরণ করে ৮৫ লাখ টাকা আদায় করা হবে।
হামলাকারীরা ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্থ করে এবং আলমারি ভেঙে দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। তারা মোঃ কয়েছ মিয়াকে মারধর করে। গুরুতর আহত করে, পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান যে, তীব্র মানসিক উদ্বেগের কারনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এর আগেও ২২ জুলাই ২০২৫ রাত আনুমানিক ১২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রামে নাহিদের নিজ বাড়িতে একই চক্র হামলা চালায়। তারা বাড়িতে ঢুকে ৮৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার মাকে হুমকি দিয়ে ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে আসবাবপত্র ক্রতিগ্রস্ত ও লুটপাট করে নেয়। ওই ঘটনায় নাহিদের মা জাহেরা বেগম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অভিযোগ রয়েছে, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন খান, পাঙ্গাস এবং তাদের সন্ত্রাসী বাহিনী নাহিদের দেশে অবস্থানকালে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল । নাহিদ টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করলে আফতাব ও পাঙ্গাসের নেতৃত্বে তাদের বাহিনী নাহিদের দোকানে হামলা চালায় । পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে ব্যবহার করে নাহিদকে অপহরণ করিয়ে ১৫ লাখ টাকা আদায় করা হয় এবং বাকি ৮৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি আদায়ের মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয়। বাকি টাকার জন্য চাপ বাড়তে থাকায় নাহিদ কানাডা চলে যান।
কিন্তু তার বিদেশে অবস্থানেও বিভিন্ন সময় আফতাব ও পাঙ্গাসের নির্দেশে তাদের সন্ত্রাসী বাহিনী গোলাপগঞ্জের কায়স্থগ্রামে নাহিদের বাড়িতে পুনরায় হামলা, ভাঙচুর ও চুরি চালায়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আফতাব উদ্দিন খান এবং পাঙ্গাস আত্মগোপনে চলে গেলেও তাদের সন্ত্রাসী বাহিনী বিএনপি-জামায়াতের মদদপুষ্ট হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রাখছে। এরই ধারাবাহিকতায় নাহিদের নিজ বাড়ি ও শ্বশুরবাড়িতে বারবার হামলা, চাঁদা দাবি, ভাঙচুর ও চুরির ঘটনা ঘটছে।
নাহিদের পরিবারের সদস্যদের অভিযোগ, এসব বিষয়ে গোলাপগঞ্জ ও মোগলাবাজার থানাকে বারবার অবগত করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। দুই থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোন মন্তব্য করতে রাজি হননি। শেষ খবর পাওয়া পর্যন্ত নাহিদের বাড়ি ও শ্বশুরবাড়ির এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest