প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩
নিউজ ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বইছে আলোচনার ঝড়। এ নিয়োগে সিলেট বিভাগের কাউকে আবেদন করতে নিষেধ করায় অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন। তবে ইতিবাচক মন্তব্যও করছেন অনেকে।
আর ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে- নীতিমালা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণেই সিলেট বিভাগের কাউকে আবেদন করতে নিষেধ করা হয়েছে।
জানা গেছে, এমএজি ওসমানী মেডিকেল কলেজে ‘অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে’ এ মর্মে ১৩ ডিসেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে শর্ত জুড়ে দেওয়া হয়- সিলেট বিভাগ অর্থাৎ- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এবং কুমিল্লা জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই ‘এ নিয়োগে সিলেটকে বঞ্চিত করা হয়েছে’ উল্লেখ করে মন্তব্য করেন।
তবে অনেকে করেছন ইতিবাচক মন্তব্যও। তারা লেখেন- নিশ্চয় নিয়ম মেনেই এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী সিলেটভিউ-কে বলেন- বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। এটি জেলাভিত্তিক নয়, জাতীয় নিয়োগ। এ নিয়োগের ক্ষেত্রে জাতীয় নীতিমালা অনুসরণ করতে হয়েছে। বিষয়টি হচ্ছে- জেলাভিত্তিক কোটায় নিয়োগ পেয়ে এখন ওসমানী মেডিকেল কলেজে সিলেট বিভাগের ৬২ জন কর্মরত আছেন। সিলেটের কোটা পরিপূর্ণ হয়ে আরও বেশি। আর কুমিল্লার কর্মরত আছেন ৫ জন। ফলে সিলেট বিভাগের ৪ জেলা এবং কুমিল্লা জেলার বাসিন্দাদের আর নিয়োগ দেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে এই ৫ জেলার বাসিন্দাদের আবেদন করতে না বলার অন্যতম কারণ হচ্ছে- যেহেতু সুযোগ নেই, তারা যেন আবেদন করে হয়রানির শিকার না হন। তাই বিষয়টি নিয়ে কাউকে বিভ্রান্তি না ছড়াতে আহ্বান জানানো হচ্ছে।
ওসমানী মেডিকেল কলেজে অফিস সহায়ক পদে ৩৪ জন নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।
এদিকে, এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফেসবুকে যারা সমালোচনা করছেন তাদের বিরুদ্ধেও অনেকে মন্তব্য করেছেন। মন্তব্যকারীরা বলছেন- সমালোনকারীদের মধ্যে অনেকেই সিলেটে বিভিন্ন সময় সরকারি নিয়োগের ক্ষেত্রে ‘তদবিরবাণিজ্য’ করে থাকেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সিলেটের কোটা না থাকায় হয়তো তারা ‘বঞ্চিত হয়ে চটে গেছেন’।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest